২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক সংঘাত, হরতাল বৃহত্তর নোয়াখালীতে

সহিংস সংঘাতের পর ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখল এবং দলীয় এজেন্ট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে পুনর্র্নিবাচনের দাবিতে বুধবার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংস সংঘাতের পর ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখল এবং দলীয় এজেন্ট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে পুনর্র্নিবাচনের দাবিতে বুধবার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনে সহিংস সংঘাত হয় নোয়াখালীর বিভিন্ন পৌরসভায়। মারামারি হয়েছে ফেনী, হবিগঞ্জ ও চাঁদপুরেও। ফেনীতে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা হয়েছে। একটি কেন্দ্রে ছিনতাই হয়েছে ব্যালট বাক্স। ব্যালট বাক্স ছিনতাই হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটেও। নির্বাচন কমিশন সেনবাগ পৌরসভায় নির্বাচন স্থগিত করেছে। নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টিতে নির্বাচন স্থগিত হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে বৃহত্তর নোয়াখালী জেলার সব পৌরসভায় ভোট কারচুপি হয়েছে। সবগুলোতে পুনর্র্নিবাচন দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নোয়াখালী প্রতিনিধি জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও কিছু সময় পরই বিভিন্ন কেন্দ্রে গোলযোগ দেখা দেয়। এক পর্যায়ে পুরো পৌর এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ভোটে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর বিকাল পর্যন্তবিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামী লীগে কর্মীরা। দুটি ব্যালট পেপারের মুড়িবই ছিনতাইকে কেন্দ্র করে শহরের অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টা থেকে ১ ঘণ্টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিলো। দুপুর ১২টার দিকে পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ব্যালট পেপারের বাক্স নিয়ে পানিতে ছুড়ে ফেলে। দুপুরে শহরের কেন্দ্রস্থলে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ভাংচুর চালায় বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা। তারা সোনাপুর-চৌমুহনী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। ইসলামীয়া রোড এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরানো হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরণ সাংবাদিকদের বলেন, "বিএনপিকর্মীরা জেলা আওয়ামী কার্যালয় ভাঙচুর করেছে। এছাড়া তারা শহরের পাবলিক কলেজ, আল ফারুক একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।" এরপর আওয়ামী লীগকর্মীরা শহরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের বাড়ি এবং শহর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর প্রার্থী দেলওয়ার হোসেনের সোনাপুর এলাকার বাড়িতে হামলা ও ভাংচুর করে। হামলার আগে দুপুর দেড়টায় শাহজাহান মাইজদীতে তার বাড়িতে সংবাদ সম্মেলনে সরকারি দলের বিরুদ্ধে কেন্দ্র দখল এবং কারচুপির অভিযোগ এনে বুধবারের হরতাল কর্মসূচি ঘোষণা করেন। নোয়াখালীতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুনূর রশিদ আজাদও নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে বেলা ১২টার দিকে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক তার নির্বাচনী এলাকায় সাংবাদিকদের কাছে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সেনবাগ পৌরসভার সাহাপুর কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি সমর্থিত প্রার্থী মো. ফারুক বাবুলও তার সঙ্গে ছিলেন। বিকালে জেলা আওয়ামী লীগ তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয় ও দোকানপাটে হামলার নিন্দা জানায়। সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেনের পদত্যাগও দাবি করেন জেলা আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, যেসব কেন্দ্রের ভোট হয়েছে, ২-১টি ছাড়া সব কেন্দ্রের ফল প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরণ। ফেনী প্রতিনিধি জানান, নির্বাচনে ব্যাপক কারচুপি, জালভোট ও প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ তুলে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। সন্ধ্যায় শহরের এসএসকে রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার। পরে হরতালের সমর্থনে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাল ভোটের প্রতিবাদে বিক্ষুব্ধ প্রার্থীদের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। কয়েকটি গাড়ি ভাংচুরও করা হয়। ফেনী পৌরসভার বারাহিপুর এবং মধুপুর মালেক মিয়ার বাজার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী। ফেনীর তিনটি পৌরসভা পরশুরাম, সোনাগাজী ও ফেনীতে সংঘর্ষে ২০ থেকে ২২ জন আহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর পৌরসভার বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে একদল যুবক ঢুকে প্রিসাইডিং কর্মকর্তা শাহ আলম পাটোয়ারীকে মারধর করে। খবর পেয়ে নির্বাচনী দায়িত্বপালনরত হাকিম বিডিআর সদস্যদের নিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একই সময় বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ও বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই হলে জেলা রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী এ কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন। সহদেবপুরের খায়রুল এছাক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আট থেকে ১০ জন আহত হয়। বেলা ১২টার দিকে সদরের ট্রাংক রোডের পাশে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১৪-১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরশুরামে কাউন্সিলর প্রার্থী নূরুল ইসলাম, মাইনুদ্দিন ভূঁইয়া সেলিম ও সামছুল হুদা সংঘর্ষে আহত হন। সোনাগাজীতে সন্ত্রাসীরা বিভিন্ন গ্রামে গিয়ে কেন্দ্রে যেতে ভোটারদের নিষেধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে ভোটকেন্দ্রে সহিংসতায় পাঁচ-ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ইয়াকুব আলী মিয়া সাংবাদিকদের বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া সোনাগাজীতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর ও রামগঞ্জ পৌরসভার নির্বাচন বর্জন করে পুনর্র্নিবাচনের দাবিতে বুধবার আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে হরতাল কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি'র সভাপতি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিএনপির স্থানীয় সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় এই সংবাদ সম্মেলন হয়। এদিকে লক্ষ্মীপুরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ তাহের বিএনপির অভিযোগ নাকচ করে বলেছেন, এটা শান্তিপূর্ণ নির্বাচন বানচালের ষড়যন্ত্র। হবিগঞ্জ প্রতিনিধি জানান, পৌরসভার টাউন মডেল বালক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সেখানে যান বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জি কে গউস। তখন তার সঙ্গে জেলা যুবলীগের নেতাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিছু সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, নাঙ্গলকোট পৌরসভার ধাতীসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে একটি ব্যালটবাক্স ছিনতাই হয়। এরপর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা রেজাউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সেখানে ভোট স্থগিত করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, কেন্দ্র দখলের অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়। নির্বাচন বর্জনের ঘোষণা দেন ওই পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আমেনা বেগম। এর আগে সকালে পৌরসভার চারটি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। কচুয়া পৌরসভায়ও একটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিলো। চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় চারটি কেন্দ্রে সরকার সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আলমগীর হোসাইন ঠাকুর এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রকিবুল ইসলাম ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল মাহমুদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/আরএ/এমআই/এমএসবি/২০১৪ ঘ.