সাভার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ভাতা না পাওয়ায় মঙ্গলবার সাভার উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে আনসার সদস্যরা। এ সময় তারা উপজেলা পরিষদ ঘেরাওয়ের চেষ্টা করে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিক্ষুব্ধ আনসার সদস্যরা দুপুর একটার দিকে উপজেলা চত্বরে মিছিল শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মাইকের মাধ্যমে তাদের দাবির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
শাহানা আক্তার, আশুরা খাতুন, আলমগীর শেখ, হাবিবুর রহমান, বাবুল মিয়া, সুমনসহ আন্দোলনকারী আনসার সদস্যরা অভিযোগ করেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থান থেকে ৮৬৮ জন পুরুষ ও নারী আনসার সদস্যকে সাভারে আনা হয়। পরে প্লাটুন কমান্ডার খালেক ও জুলহাস 'নাম তালিকাভুক্তির' কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে একশ টাকা করে নেন।
চার দিন দায়িত্ব পালনের জন্য পুরুষদের মাথাপিছু ১২ শ' টাকা এবং নারী সদস্যদের ৯৪০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তিন দিনের জন্য ৫৪০ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান তারা।
অভিযোগ অস্বীকার করে সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক বলেন, "চার দিন নয়, তিন দিনের জন্য মাথাপিছু ৫৪০ টাকা করে বরাদ্দ ছিল। তবে যারা একশ' টাকা করে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আনসারদের চার দিনের টাকা দাবির বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, "৫ জানুয়ারি তাদের কজের জন্য আনা হয়নি। আইনশৃঙ্খলা সভার জন্যে ডাকা হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৭৪৯ ঘ.
bdnews24