২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর ১৭ কেন্দ্রে নির্বাচন স্থগিত

গোলযোগের কারণে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট স্থগিত করা হয়েছে। ইসি সচিবালয়ের কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নোয়াখালী পৌরসভার যে সব কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়েছে, সেগুলো হলো- ২, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২২, ২৩, ২৪ ও ২৫। মঙ্গলবার সকাল ৮টায় অন্য স্থানের মতো নোয়াখালী ও সেনবাগে পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। তবে পরে সৃষ্টি হয় গোলযোগ। সকালে নোয়াখালী জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা চালায় বিরোধী কর্মী-সমর্থকরা। বিএনপি কর্মীরা সোনাপুর-চৌমুহনী সড়কে গাছ ফেলে অবরোধ করে। দুই পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নোয়াখালীতে হরতালও ডেকেছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.