২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে বিএনপির প্রতিনিধি দল

পৌরনির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েও প্রধান নির্বাচন কমিশনার বা কোনো নির্বাচন কমিশনারের দেখা পাননি বিএনপির কেন্দ্রীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরনির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েও প্রধান নির্বাচন কমিশনার বা কোনো নির্বাচন কমিশনারের দেখা পাননি বিএনপির কেন্দ্রীয় নেতারা। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি। এর পরপরই দলের যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে যায়। বিএনপি নেতারা যখন যান, তখন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে ছিলেন বলে ইসি কর্মকর্তারা জানান। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "নোয়াখালীসহ বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করে ভোটের নামে প্রহসন চলছে। আমরা তা জানাতে এসেছিলাম।" নির্বাচন কমিশন কর্মকর্তাদের দেখা না পাওয়ার বিষয়ে বিএনপি নেতা বলেন, "ভোটের দিন অন প্রিন্সিপাল তারা কারো সঙ্গে দেখা করবেন না বলে জানানো হয়েছে।" পরে বিএনপি প্রতিনিধি দলটি তাদের অভিযোগ প্রধান নির্বাচন কমিশনের একান্ত সচিবের কাছে জমা দিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫১০ ঘ.