২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ভালো করেছে আ.লীগ

ময়মনসিংহের নয়টির মধ্যে পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ময়মনসিংহ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের নয়টির মধ্যে পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনটিতে ক্ষমতাসীন দলের তিন 'বিদ্রোহী' এবং অন্যটিতে মেয়র হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। সোমবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ত্রিশালের রিটার্নিং কর্মকর্তা এ এস এম মোস্তাফিজুর রহমান জানান, এই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত এ বি এম আনিসুজ্জামান ছয় হাজার ১৬৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমিনুল ইসলাম সরকার পেয়েছেন চার হাজার ৮৯৩ ভোট। নান্দাইল পৌরসভায় বিএনপি সমর্থিত এ এফ এম আজিজুল ইসলাম পিকুল মেয়র নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জাকিয়া পারভীন রাতে এ ফল ঘোষণা করেন। তিনি জানান, আজিজুল ইসলাম পেয়েছেন সাত হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিক উদ্দিন ভূঞা পেয়েছেন তিন হাজার ৮৭৫ ভোট। ঈশ্বগঞ্জের রিটার্নিং কর্মকর্তা বদরুন্নাহার জানান, এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব ছয় হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস ছাত্তার পেয়েছেন তিন হাজার ১২৯ ভোট। গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী কায়সার আহমেদ চার হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আল নূর মো. সামসুজ্জামান জানান, কায়সারের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর 'বিদ্রোহী' প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন। তিনি পেয়েছেন চার হাজার ৫৭৪ ভোট। ভালুকার রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, এই পৌর সভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজবাহ উদ্দিন কাইয়ুম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মফিজ উদ্দিন সরকার পেয়েছেন ছয় হাজার ৭৭০ ভোট। ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মো. শাহজাহান তিন হাজার ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৪৪৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা রোকেয়া খাতুন এ তথ্য জানান। গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আল মামুন জানান, বিজয়ী প্রার্থী পেয়েছেন চার হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম হবি পেয়েছেন তিন হাজার ৩৯১ ভোট। মুক্তাগাছা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসরিন জাহান জানান, আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আব্দুল হাই আকন্দ আট হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. মানছুরুর রহমান খান রেজুন পেয়েছেন পাঁচ হাজার ৯৮৪ ভোট। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দিন রাত ১টায় বলেন, ৫৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম পান ৫১ হাজার ১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১১৫ ঘ.