২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জেলা বিএনপি সদস্য ফারুকুজ্জামান ফারুককে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

মাগুরা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জেলা বিএনপি সদস্য ফারুকুজ্জামান ফারুককে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে বিএনপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ফারুক বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মেয়র প্রার্থী করা হয়েছে দলের জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইয়ুব হোসেনকে। জেলা বিএনপি সভাপতি কবির মুরাদ বলেন, বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আয়ুব হোসেনের বিপক্ষে প্রার্থী হওয়ায় ফারুকুজ্জামান ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে ফারুক বলেন, "কবির মুরাদের গঠিত পকেট কমিটিতে আমি কখনোই ছিলাম না। তাই আমাকে দল থেকে বহিষ্কারের প্রশ্নই আসে না।" জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক বিএনপির কেন্দ্র অনুমোদিত জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য। অপরদিকে জেলা বিএনপির বিদ্রোহী ইকবাল আকতার খান কাফুরের গঠিত জেলা কমিটির যুগ্ম সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.