২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ভীতি দেখানো হচ্ছে: বিএনপি

ঢাকা বিভাগের পৌরসভা নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলেছে, সরকারি দল নির্র্বাচনের ফল পাল্টানোর 'ষড়যন্ত্র' করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের পৌরসভা নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলেছে, সরকারি দল নির্র্বাচনের ফল পাল্টানোর 'ষড়যন্ত্র' করছে। ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ সোমবার সকাল ৮টা থেকে চলছে। বিকাল ৪টায় তা শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইল, শেরপুর, মাদারীপুর, জামালপুরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বিএনপি দলীয় এজেন্টদের বের করে দিচ্ছে সরকারি দলের কর্মীরা। ওই সব কেন্দ্রে ভয়ভীতি দেখিয়ে সরকার নির্র্বাচনের ফল পাল্টাতে চায়। মাদারীপুরের কালকিনি পৌরসভার কাষ্টঘর কেন্দ্র, টাঙ্গাইলের গোপালপুরের মাদ্রাসা কেন্দ্র, শেরপুরের মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল ফালাহ ক্যাডেট কলেজ কেন্দ্র, জামালপুরের দেওয়ানগঞ্জের ৫ নম্বর কেন্দ্রে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পৌর নির্বাচনে বিভিন্ন এলাকা থেকে আসা অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি ভোট কেন্দ্রে ভুল ভোটার তালিকা সরবারহের জন্য প্রশাসনকে দায়ী করে নজরুল বলেন, "বিএনপির মেয়র প্রার্থীর বিজয় ঠেকাতেই আটটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।" সেখানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মজিবুর রহমানকে ৮ নম্বর ওয়ার্ডের জেনিথ কিন্ডার গার্টেন কেন্দ্রে দুই ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি। সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারছে বলে অভিযোগ করেন নজরুল। মঙ্গলবার অনুষ্ঠেয় বান্দরবান পৌর নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগের কর্মীরা সেখানে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তারা প্রচার করছে- একভোট পেলেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে।" লক্ষ্মীপুর ও নোয়াখালীতে ক্ষমতাসীনরা প্রশাসনকে প্রভাবিত করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। নোয়াখালীতে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট আশরাফ আলীকে মুক্তি দেওয়ার দাবি জানান নজরুল। সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য শফি বিক্রমপুরী, হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। 'জমির-দেলোয়ার-আখতারের বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক' পৌরনির্বাচনকে প্রভাবিত করতে বিএনপি মহাসচিবসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে নজরুল বলেন, "ঢাকা বিভাগের পৌর নির্বাচনকে প্রভাবিত করতে এ মামলা করা হয়েছে।" মামলা তিনটি প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধেমামলাগুলো করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩০ ঘ.