চাঁদপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আরো একটি মামলা হয়েছে।
হত্যাচেষ্টার অভিযোগে শনিবার রাতে কচুয়া থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর গ্রামের আওলাদ সরকার।
মামলায় মিলনকে হুকুমের আসামি করা হয়েছে।
এছাড়া বিএনপি'র আরো ১৬ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৮ সালের ৪ জানুয়ারি মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় মিলনের নির্দেশে অপর আসামিরা আওলাদ সরকারকে আটক করে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়।
এছাড়া মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ আনা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী সাংবাদিকদের বলেন, "এ নিয়ে মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চাঁদপুরে ২১টি মামলা হয়েছে।"
তিনি জানান, মিলন বর্তমানে ১৯টি মামলায় জামিনে রয়েছেন। তিনি এখন কুমিল্লা কারাগারে আছে।
২০০১ সালে সংসদ নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকার কলিম উল্লাহর দায়ের করা মামলায় গত বছর ১৪ মার্চ মিলন গ্রেপ্তার হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে কচুয়া আসনে মহীউদ্দিন খানে কাছে পরাজিত হন মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24