২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পাঁচ পৌরসভায় সেনা-বিডিআর

নতুন করে আরো পাঁচ পৌরসভায় সেনা ও বিডিআর মেতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে আরো পাঁচ পৌরসভায় সেনা ও বিডিআর মেতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইলে ধনবাড়ী, মধুপুর, কুমিল্লার লাকসাম পৌরসভায় সেনা এবং কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় বিডিআর সদস্য মোতায়েন থাকবে। টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ইতোমধ্যে মোতায়েন করা এক প্লাটুন সেনা সদস্য তিনভাগ হয়ে ধনবাড়ী, মধুপুর পৌরসভায় এবং কুমিল্লার নাঙ্গলকোটে মোতায়েন করা সদস্যরা দুইভাগ হয়ে লাকসাম পৌরসভায় টহল দেবে। আর কুমিল্লার দুই পৌরসভায় মোতায়েন থাকবে এক প্লাটুন করে বিডিআর সদস্য। নতুন করে সেনা ও বিডিআর মোতায়েনের কারণ জানতে চাইলে কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের আগ মুহুর্তে এসব পৌরসভায় অনাকাঙ্খিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ কারণেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।" ঢাকা বিভাগে সোমবার ও মঙ্গলবার সিলেট-চট্টগ্রাম বিভাগে ভোট হবে। গত ৬ জানুয়ারি 'ঝুঁকিপূর্ণ বিবেচনায়' ইসি ৫৬ পৌরসভায় সশস্ত্রবাহিনী ও ৫২ পৌরসভায় বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এরপর ১১ জানুয়ারি আরো ১৪ পৌরসভায় বিডিআর মোতায়েন ও সেনা-নৌ টহল বাড়ানো হয়। সর্বশেষ রোববার পাঁচ পৌরসভায় নতুন করে বিডিআর ও সেনা সদস্যদের টহল বাড়ানোর সিদ্ধান্ত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭৫৬ ঘ.