ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীর বিজয়ের কারণে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মনে করছেন, প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলো ভুল করেছে। নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বিরক্তি থেকে উদ্ভূত বলেও জানিয়েছেন তিনি।
শনিবার 'স্থানীয় সরকার নির্বাচন : গণপ্রত্যাশা ও গণমাধ্যম' শীর্ষক এক সেমিনারে সিইসি বলেন, "পৌর নির্বাচনে এত বিদ্রোহী প্রার্থী কেন হলো? কারণ রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাইয়ে দুর্বলতা আছে।"
"জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে সঠিক প্রার্থী নির্বাচনে ভুল করে না", বলেন তিনি।
গত ১২ ও ১৩ জানুয়ারি দেশের ১২১ পৌরসভায় নির্বাচন হয়েছে। এতে সাত পৌরসভায় মেয়র পদে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী জয়ী হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহীরা মেয়র নির্বাচিত হয়েছে ১২টি পৌরসভায়।
শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশনও সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে আইনি সংস্কার এনেছে। পাশাপাশি তৃণমূলের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকেও প্রার্থী বাছাই করতে হবে।
চার বিভাগে নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে সিইসি জানান। এ পর্যন্ত পৌর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে ইসি সন্তুষ্ট বলে জানান তিনি।
'সেনা মোতায়েন বিরক্ত হয়ে'
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সংস্কৃতি বাদ দিয়ে প্রশাসন ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন বিভাগকে উজ্জ্বীবিত করার আহ্বান জানান সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনে বারবার সেনাবাহিনী মোতায়েনের দাবিতে ইসি 'বিরক্ত' হয়েছে জানিয়ে শামসুল হুদা বলেন, "নির্বাচনে আমরা সেনাবাহিনী দিতে চাই না। সেনাবাহিনী আমাদের লাস্ট রিসোর্চ। কারণে-অকারণে এ বাহিনীকে চাওয়া ঠিক না। এবার আমরা বিরক্ত হয়ে সেনাবাহিনী নিয়োগ করেছি।"
বিএনপি পৌর নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি জানায়।
সিইসি বলেন, "এতে দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা যাবে। আমাদের প্রশাসনকে উজ্জ্বীবিত করতে হবে। প্রশাসন ও পুলিশ বাহিনীকে কাজে লাগাতে হবে।"
প্রশাসন ও পুলিশের বিকল্প হিসেবে সেনাবাহিনীকে দাঁড় না করানোর ইঙ্গিত দিয়ে শামসুল হুদা বলেন, "বিকল্প দাঁড় করানোর কোনো যুক্তি হতে পারে না। জাতির বৃহত্তর স্বার্থে ও দীর্ঘ মেয়াদে তা সুফল বয়ে আনবে না।"
সেমিনারে তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, "পৌর নির্বাচন প্রমাণ করেছে- নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই। কিন্তু দেশে যারাই বিরোধী দল থাকে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করার তাদের সংস্কৃতি হয়ে গেছে।"
নারী মেয়র নার্গিসকে অভিনন্দন
দুই বিভাগের নির্বাচনে এ পর্যন্ত মেয়র পদে বিজয়ী চারঘাটের নার্গিস খাতুনকে অভিনন্দন জানান সিইসি।
তিনি বলেন, "চারঘাটের এই নারীকে কেন্দ্র থেকে ও দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়নি। কিন্তু জনগণ নাকি তাকে চায়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েও ৪ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।"
নারীর ক্ষমতায়নের ওপর তাগিদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে নারী প্রার্থী বাছাইয়ে জোর দেওয়ার আহ্বান জানান শামসুল হুদা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ট্রান্সপারেন্সি অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান বক্তব্য রাখেন।
ঢাবি'র গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে ওই সেমিনারটির আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24