চুয়াডাঙ্গা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার পরাজিত আওয়ামী লীদের 'বিদ্রোহী' মেয়রপ্রার্থী আব্দুল লতিফ অমলের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, হামলায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়।
কারা বোমাটি নিক্ষেপ করেছে সেটা জানা যায়নি।
চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করেছে।
তিনি বলেন, বোমাটি হাতে তৈরি। তবে শক্তিশালী নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জীবননগর পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ও 'বিদ্রোহী' প্রার্থী পরাজিত হয়। এখানে নির্বাচিত হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী নওয়াব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24