২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতাবগঞ্জে পুনর্নির্বাচন দাবি বিএনপি প্রার্থীর

কারচুপির অভিযাগ তুলে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত মেয়র প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ আসলাম। আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

দিনাজপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারচুপির অভিযাগ তুলে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত মেয়র প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ আসলাম। আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরেন আসলাম। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর মাস্টার ৬১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আসলাম পান ৫৯৫৬। বৃহস্পতিবার সেতাবগঞ্জে আসলাম সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে মিছিল বের করলে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষও হয়। আসলাম অভিযোগ করেন, একটি কেন্দ্রের ব্যালট জালিয়াতি করে তাকে হারানো হয়েছে। আর এতে ভূমিকা রাখেন আওয়ামী লীগ সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটির ফলাফল সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে প্রকাশ করা হয়। এতে আমি ১১৭৯ ভোটে এগিয়ে থাকি। তা দেখে স্থানীয় এমপির নির্দেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তারা ষড়যন্ত্র করে সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র এবং মুশিদহাট মডেল স্কুল কেন্দ্রের ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়। "রাত সাড়ে ১০টায় আমি মুশিদহাট কেন্দ্রে গিয়ে জানতে পারি, রিটার্নিং কর্মকর্তার নির্দেশে র‌্যাবসহ পুলিশের উপস্থিতিতে গণনার আগেই আমার পোলিং এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে তাদের বের করে দেওয়া হয়।" রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণার সময় ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন আসলাম। বিএনপি সমর্থিত প্রার্থীর এ অভিরযাগের বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলাম সাহেব যা যা অভিযোগ করেছেন, তার সবগুলোই অসত্য। এর বাইরে আমার কোনো মন্তব্য নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.