২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ.লীগ-বিএনপির সঙ্গে আছেন 'বিদ্রোহী'

বাগেরহাটের তিনটি পৌরসভার মধ্যে একটিতে আওয়ামী লীগ সমর্থিত, একটিতে বিএনপি সমর্থিত এবং অন্যটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বাগেরহাট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের তিনটি পৌরসভার মধ্যে একটিতে আওয়ামী লীগ সমর্থিত, একটিতে বিএনপি সমর্থিত এবং অন্যটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান হাবিবুর রহমান ও মংলাপোর্ট পৌরসভায় বিএনপি সমর্থিত মো. জুলফিকার আলী বিজয়ী হন। মোড়েলগঞ্জ পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মনিরুল হক তালুকদার। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। বাগেরহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান জানান, খান হাবিবুর রহমান (আনারস) ১৩ হাজার ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এ এস এম আতাহার হোসেন আবু মিয়া (তালা) পেয়েছেন আট হাজার ৪৬৩ ভোট। মংলাপোর্ট পৌরসভার রিটার্নিং কর্মকতা মো. সাঈদুর রহমান জানান, সাত হাজার ৯৮৫ ভোট পেয়ে বিএনপি সমর্থিত মো. জুলফিকার আলী (দেয়াল ঘড়ি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শেখ আব্দুস সালাম (দোয়াত-কলম) পেয়েছেন ছয় হাজার ৭৪১ ভোট। অন্যদিকে মোড়েলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মনিরুল হক তালুকদার (দেয়াল ঘড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন চার হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আব্দুল মজিদ জব্বার (আনারস) পেয়েছেন দুই হাজার ৭৪৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার শিকদার ফল ঘোষণা করেন। বাগেরহাটের তিন পৌরসভার মোট ভোটের সংখ্যা ৭০ হাজার ৪৮৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২৩২৪ ঘ.