২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে রাখা যায়নি: ইব্রাহিম খালেদ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর মানুষ যে স্বপ্ন দেখেছিলো তা ধরে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর মানুষ যে স্বপ্ন দেখেছিলো তা ধরে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমরা আত্ম-সমালোচনা করতে ভুলে গেছি। আত্ম-সমালোচনা না থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না।" বঙ্গবন্ধুকে হত্যার পর দল হিসেবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি দাবি করে তিনি বলেন, "সেদিন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে।" তিনি বলেন, জামায়াতের জনসমর্থন না থাকলেও তাদের আর্থিক সক্ষমতা আছে। দলকে সংহত করতে না পারলে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতিতে সংহতি আসবে না। আত্ম-সমালোচনা না থাকায় আওয়ামী লীগ জয়ী হয়েও তা ধরে রাখতে পারছে না বলে দাবি করেন ইব্রাহিম খালেদ। বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এ খালেক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৫৬ ঘ.