ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ হলেও তা তুলে নেওয়ার বিষয়টি দুর্নীতি দমন কমিশনের ওপরই নির্ভর করছে বলে জানালেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ২৫তম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কমিটির সভাপতি কামরুল বলেন, "দুদক স্বাধীন, মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, দুদক কী করবে এটা তাদের ওপর নির্ভর করবে।"
তবে সুপারিশ অনুযায়ী কমিশন কোনো মামলা প্রত্যাহার করেছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য কমিটির কাছে নেই বলে জানান প্রতিমন্ত্রী।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির মধ্যে মতভিন্নতা রয়েছে।
তিনি জানিয়েছেন, 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের সুপারিশ আগামী দু-এক সভায়ই শেষ হয়ে যাবে।
মঙ্গলবারের সভায় দণ্ডবিধির ১৪৭৯টি মামলার মধ্যে ৫৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নামঞ্জুর করা হয়েছে ৫৮৬টি। এছাড়া পরবর্তী বিবেচনার জন্য ৮৩৭টি মামলা রাখা হয়েছে।
এ পর্যন্ত দণ্ডবিধি ও অন্যান্য ১০ হাজার ৪৮৯টি মামলা কমিটির কাছে এসেছে। এর মধ্যে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে ৬ হাজার ৭৮৮টি।
দুর্নীত দমন কমিশনের (দুদক) আর কোনো মামলা প্রত্যাহারের জন্য নেই জানিয়ে কামরুল বলেন, "দুদকের এ পর্যন্ত যে কয়টি মামলা এসেছে, তা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়ে গেছে। আর কোনো মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ নেই।"
৮৩৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ আগামী দু-এক সভায় শেষ হয়ে যাবে বলে জানান আইন প্রতিমন্ত্রী।
এ সভায় প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে উল্লেখযোগ্য হলো কাজী ফারুক আহমেদের চারটি মামলা ও সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেনের একটি মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24