প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দুটি মামলায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদকে অব্যাহতি দিয়েছে আদালত।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন এবং অনিয়মের মাধ্যমে বিসিআই (বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড) ব্যাংকে টেক্সটবুক বোর্ডের টাকা বিনিয়োগ হিসেবে জমা সংক্রান্ত দুর্নীতি মামলায় মঙ্গলবার ঢাকার আদালত তাকে অব্যাহতি দেয়।
দুই মামলায়ই অব্যাহতির আদেশ দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আব্দুল মজিদ। অসুস্থ কাজী জাফর হুইল চেয়ারে চড়ে আদালতে হাজির হন। তার সঙ্গে চিকিৎসকও ছিলো।
বিসিআই ব্যাংকে টেক্সটবুক বোর্ডের টাকা বিনিয়োগ হিসেবে জমা রাখার মামলাটি করা হয় ১৯৯৪ সালে ৩ নভেম্বর। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা নাসিরউদ্দিন খান মতিঝিল থানায় কাজী জাফরসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন। এ মামলা ২০০৩ সালের ২৫ মার্চ সরকার প্রত্যাহার করার সুপারিশ করে।
কাজী জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিসিআই ব্যাংকে টাকা রাখা সংক্রান্ত মামলায় আমি দোষী নই বলে সরকার ২০০৩ সালে মামলাটি প্রত্যাহার করে নিয়েছিলো। আজ আদালত অব্যাহতি দিলো।"
অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলাটি হয় ১৯৯৫ সালের ১১ ফেব্র"য়ারি। এটিও করে দুর্নীতি দমন ব্যুরো।
ন গুলশান থানায় ব্যুরোর কর্মকর্তা মো. লুৎফর রহমানের দায়ের করা এ মামলায় কাজী জাফরের বিরুদ্ধে ২২ লাখ ৮২ হাজার ৬২৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ১৯৯৯ সালের ২৫ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
দুই মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর জামিনে ছিলেন।
সম্পদ অর্জন সংক্রান্ত মামলাটির কার্যক্রম দীর্ঘদিন হাইকোর্টে স্থগিত ছিলো বলে এ আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মামলার নথিপত্র অনুসন্ধান করে দেখা যায়, অভিযোগ গঠনের জন্য এ মামলায় মোট ৫৯টি তারিখ ধার্য হয়েছিলো।
কাজী জাফরকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে তার আইনজীবী সুলতান আলম মল্লিক মঙ্গলবার শুনানিতে বলেন, আগের দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারি অনুমোদন প্রয়োজন ছিলো। বাদি তা নেননি। অভিযোগপত্র দাখিলের পর এ অনুমোদন নেওয়া হয়। তাই আইন অনুযায়ী মামলাটিতে আসামির বিরুদ্ধে বেআইনিভাবে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আদেশের পর সুলতান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা যুক্তিযুক্ত নয় বলে আদালত তাকে অব্যাহতি দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৫০৫ ঘ.
bdnews24