চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের অংশকেই নগর আওয়ামী লীগের 'মূলধারা' বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমিন ও সহ-সভাপতি এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
সোমবার বিকালে লালদীঘির ময়দানে 'চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ'-এর ব্যানারে আয়োজিত জনসভা থেকে 'নতুন নগর আওয়ামী লীগ' গঠনেরও দাবি জানিয়েছেন এ দুই নেতা।
চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে এ দুই নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে এ জনসভা আয়োজন করা হয়।
জনসভা থেকে বক্তারা মহিউদ্দিন চৌধুরী ও জাসদ থেকে নির্বাচিত সাংসদ মঈনুদ্দিন খান বাদলের বিরুদ্ধে বক্তব্য দেন।
এর আগে রোববার লালদীঘি মাঠে মহাজোট চট্টগ্রামের ব্যানারে জনসভা করে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।
দুই সমাবেশেই উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবু।
সোমবারের জনসভায় আখতারুজ্জামান বাবু বলেন, "দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। এ মুহূর্তে সবার ঐক্য প্রয়োজন। আমাদের মধ্যে অনৈক্য থাকলে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে পারব না।"
নগর আওয়ামী লীগের বিভেদের প্রতি ইঙ্গিত করে তিনি সবকিছু ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন।
সাংসদ নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।
এদের মধ্যে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল ও আবদুচ ছালাম কিছুদিন আগেও মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে নগর আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আফসারুল আমিন রোববারের মহাজোট চট্টগ্রাম আয়োজিত সভার প্রতি ইঙ্গত করে বলেন, কোনো প্রতিযোগিতার জন্য নয়, জাতিকে প্রকৃত ইতিহাস জানানোর জন্য আজকের এ জনসভা।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে গণশিক্ষামন্ত্রী বলেন, চারদলীয় জোটের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে 'সুসংগঠিত ও সুন্দর' নগর আওয়ামী লীগ গঠন করতে হবে।
চট্টগ্রামের মানুষ আর 'ঘুণেধরা' নগর আওয়ামী লীগ নিয়ে পথ চলতে চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামবাসী নতুন নগর আওয়ামী লীগ চায়।
সাংসদ নুরুল ইসলাম বিএসসি নিজেদের 'মূলধারা' দাবি করে বলেন, "অন্যরা মুল ধারা থেকে চলে গেছেন। উনারা মুলো ধরে আছেন।"
রোববারের জনসভার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "গতকালেরটি ছিল মহাজোটের, এটা আওয়ামী লীগের জনসভা।"
জনসভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) ছয়জন বর্তমান ও তিন জন সাবেক ওয়ার্ড কাউন্সিলর বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২৩৩ ঘ.
bdnews24