২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ফেল করিনি: ওবায়দুল

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের দাবি করেছেন, দুই বছরে মহাজোট সরকার শতভাগ সফল হতে না পারলেও 'ফেল' করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের দাবি করেছেন, দুই বছরে মহাজোট সরকার শতভাগ সফল হতে না পারলেও 'ফেল' করেনি। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, "বিএনপি নির্বাচন, জাতীয় সংসদ ও রাজপথসহ সব জায়গায় ফেল করেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের সামনে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। দেশে উচ্চশিক্ষার মান নীচে নেমে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উচ্চশিক্ষার মান কমে যাওয়ায় প্রশাসন, সচিবালয়ের মতো রাজনৈতিক অঙ্গনেও মেধা শূন্যতা দেখা দিয়েছে। ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরো বলেন, শাস্তি নয়, বরং ছাত্রলীগে বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটাতে হবে। তা না হলে গুটি কয়েক ছাত্রলীগকর্মীর অপকর্মের দায়ভার পুরো সংগঠনকে নিতে হচ্ছে। ছাত্রলীগ ঢাবি শাখা আয়োজিত এ স্মরণ সভায় আরো বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাবি শাখা সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯৩৩ ঘ.