খুলনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালকে ছয়মাসের জন্য কলেজ থেকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অধ্যক্ষ জানান।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল হক বলেন, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালের একটি এবং সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অয়নের আরেকটি গ্র"প রয়েছে।
ক্যাম্পাস ও আবাসিক হলে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ ও ১৫ ডিসেম্বর এ দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এরপর অয়ন গ্র"প চয়ন ও আসিফের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় কর্তৃপক্ষের কাছে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আসগর বলেন, চয়ন ও আসিফের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত শেষে রোববার একাডেমিক কাউন্সিলের সভায় এই দুইজনকে ছয় মাসের জন্য কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24