রাঙামাটি, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছাত্রদলের অনুষ্ঠানে সরকার সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
ছাত্রলীগ বলেছে, প্রধামন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সংগঠনের বিক্ষুব্ধ কর্মীরা হামলা চালায়।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজামান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ছাত্রদলের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মো. সেলিম জানান, সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলো নেতাকর্মীরা।
এ সময় ১০-১৫ জনের একদল ছাত্রলীগকর্মী অনুষ্ঠানস্থলে অতর্কিতে হামলা চালায়। এতে তিনিসহ ১২ নেতাকর্মী আহত হন বলে সেলিম জানান।
আহত বাকিদের মধ্যে আছেন- কাচলং কলেজ শাখার সভাপতি মো. মুশফিকুর রহিম সুমন, মো. ফজল, মো. আজিজুল হক, হালিম, নিজাম।
এদের মধ্যে হালিম, নিজাম ও সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অভিষেক চাকমা দাবি করেন, "প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমাদের বিক্ষুব্ধ কর্মীরা হামলা করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24