২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহেদ আলীর দাফন সম্পন্ন

সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর লাশ শেরপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

শেরপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর লাশ শেরপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। বৃহস্পতিবার জাহেদ আলীর লাশ শেরপুরের নকলায় নিয়ে যাওয়ার পর দুই দফা জানাজা শেষে দাফন করা হয়। বিকাল ৩টার দিকে উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের চর কামানির পাড় গ্রামে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। সকালে স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তার লাশ নকলা শহরের বাসভবনে নেওয়া হয়। পরে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করে কয়েক হাজার মানুষ। এ সময় বক্তব্য রাখেন- শেরপুর-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক, জেলা বিএনপি'র সভাপতি একেএম ছাইফুল ইসলাম কালাম, সাবেক সংসদ সদস্য শাহ মো. রফিকুল বারী চৌধুরী, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। জানাজায় জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মৃত্যুর পর ওইদিনই ঢাকায় তার তিন দফা নামাজে জানাজা হয়। অস্ট্রেলীয়া প্রবাসী ছেলে ফাহিম চৌধুরীর ফিরে আসার অপেক্ষায় পরে তার লাশ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। জাহেদ আলী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৮৫০ ঘ.