২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকিতে বিচলিত নয় সরকার: সাহারা

কোনো হুমকিতেই সরকার বিচলিত নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো হুমকিতেই সরকার বিচলিত নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার বিকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে লস্কর-ই-তৈয়েবা। এ ব্যাপারে মঙ্গলবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার বেশ কয়েকজন সদস্যকে গত এক বছরে গ্রেপ্তার করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন প্রতিমন্ত্রীকে হত্যার হুমকি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "হুমকি তো যে কেউ দিতেই পারে। কিন্তু সব হুমকি মোকাবেলার ক্ষমতা আমাদের রয়েছে।" পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে দক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। পুলিশের জন্য একটি বিশেষ ভাতার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। তিনি সেটা বিবেচনা করছেন। এছাড়া আরো গাড়ি, মোটর সাইকেল ইত্যাদি সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সদস্যদের সব যৌক্তিক দাবীই পূরণ করা হবে বলে সাহারা জানান। যেসব যুদ্ধাপরাধীকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের কবে নাগাদ গ্রেপ্তার করা হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, "যুদ্ধপরাধ তদন্ত সংস্থা যাকেই গ্রেপ্তার করার দরকার মনে করবে, তাকে গ্রেপ্তার করা হবে।" পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০১৫ ঘ.