২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর

যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান যেন কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান যেন কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবণে ছাত্রলীগ সদস্যদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানের মতো অনেক কঠিন কাজে সরকার হাত দিয়েছে। আমরা ইনশাল্লাহ সফল হবো।" ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সদস্যরা রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবণে দেখা করতে যান। প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রতিটি সদস্যকে উৎপাদনশীল কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একজন নেতার সবচেয়ে বড় সম্পদ। হাসিনা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা সংগঠনের বর্তমান নেতৃত্বকে মনে করিয়ে দেন। তিনি বলেন, "জাতির পিতার আদর্শ ছাত্রলীগের প্রত্যেকটি সদস্যকে ধারণ করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।" অর্থ সম্পদের মালিক না হয়েও দেশে-বিদেশে সম্মান অর্জন করা যায় বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোনিবেশের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, "যাদের শিক্ষা নেই, তারা ভালো নেতা হতে পারে না। আর, অশিক্ষিত নেতারা ভালোভাবে দেশ চালাতে পারে না।" পরীক্ষার তিন মাস আগে সংগঠনের প্রতিটি সদস্যকে সাংগঠনিক কর্মকণ্ড থেকে বিরত রাখার জন্য মত প্রকাশ করে শেখ হাসিনা বলেন, যারা ভালো রেজাল্ট করবে, তাদের পুরস্কৃত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩২১ ঘ.