২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতে ৪৩২ নির্বাহী হাকিম

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিচার করতে আড়াই শতাধিক পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪৩২ জন নির্বাহী হাকিমের তালিকা পাঠিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিচার করতে আড়াই শতাধিক পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪৩২ জন নির্বাহী হাকিমের তালিকা পাঠিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের অধীনে তারা দায়িত্ব পালন করবেন। রোববার বিভাগীয় কমিশনাররা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর ও রাজশাহী বিভাগে ১ জানুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন প্রতি পৌরসভায় একজন করে নির্বাহী হাকিম ও একজন করে বিচারিক হাকিম নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগে ১২ দিন ও পরে একদিন তারা দায়িত্ব পালন করবেন। ইসি সচিবালয়ের উপ সচিব মো. হেলাল চৌধুরী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ২৫৯ পৌরসভায় ২৫৯ জন বিচারিক হাকিম ও ২৯৭ জন নির্বাহী হাকিম এর চাহিদা পাঠানো হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব (মাঠ প্রশাসন) তৌফিকুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের ৫০ পৌরসভায় ৬১ জন, সিলেটে ১৬ পৌরসভায় ২৪ জন, রংপুরের ১৮ পৌরসভায় ৩০ জন, ঢাকার ৬৮ পৌরসভায় ১৭১ জন, বরিশালের ২১ পৌরসভায় ৩০ জন, খুলনার ৩০ পৌরসভায় ৪১ জন এবং রাজশাহীর ৫৫ পৌরসভায় ৭৫ জন নির্বাহী হাকিমের তালিকা দেওয়া হয়েছে। রোববার রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিভাগে নির্বাচনযোগ্য পৌরসভায় ৬২ জন নির্বাহী হাকিমকে নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার জসিমউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভায় ২৩ জন নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর ও রাজশাহীতে ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তারা নিয়োজিত থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ ২০০৯ অনুযায়ী বিচারিক কাজ করবে। প্রথম দুইদিনে (রোববার পর্যন্ত) আচরণবিধি লঙ্ঘনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান দুই বিভাগীয় কমিশনার। তারা জানান, এখন পর্যন্ত আচরণবিধি মেনেই প্রার্থী ও ভোটাররা প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী অপরাধের বিচার করতে ২৫৯ জন বিচার বিভাগীয় হাকিম গত বুধবার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. হেলাল চৌধুরী। তিনি জানান, নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক হামিকরা ১৩ দিনের জন্য নিয়োজিত থাকবে। নির্র্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিমরা জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডই দিতে পারবেন। নির্বাচনী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারবেন বিচারিক হাকিমরা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে কেএমএস/২০৫৮ ঘ.