ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে শেখ সুজাত মিয়া ও ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার এ কথা নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
বিএনপির এক নেতা জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে মনোনয়নের বিষয়টি দুই প্রার্থীকেই শনিবার সন্ধ্যায় টেলিফোনে জানানো হয়েছে।
বৃৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এক বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। ওই সময় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই দুটি আসনের উপ-নির্বাচনে মোট পাঁচজন মনোনয়ন-প্রত্যাশী ফরম সংগ্রহ করেন। এক হাজার টাকা মূল্যের ফরম কিনে জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানত দিতে হয়েছে প্রার্থীদের।
আগামী ২ জানুয়ারি ওই দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৭ জানুয়ারি সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ব্রাক্ষনবাড়ীয়া-৩ আসনে রবিউল আলম উবায়েদুল মুকতাদির চৌধুরী এবং হবিগঞ্জ-১ আসনে মুশফিক হোসেন চৌধুরীকে মনোনয়ন দেয়।
গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের আওয়ামী লীগ সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24