২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশত

রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে রুহুল কবীর রিজভীসহ অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

রাজশাহী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে রুহুল কবীর রিজভীসহ অর্ধশত আহত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী নগরীতে ছাত্রদলের সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ থেকে সংঘর্ষ বাঁধে। শনিবার বিকাল ৫টার দিকে সাহেব বাজার এলাকায় ছাত্রদলের সমাবেশ করার উদ্যোগ নেয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা সেখানে ছিলেন। ওই সময় বাধা দেয় পুলিশ। বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি না নিয়ে ছাত্রদল কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।" বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে বেশ কিছু সময় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। অন্যদিকে বিএনপি নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে। আধা ঘণ্টাব্যাপী সংঘাতের পর বিএনপি নেতারা তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দাবি করেন, পুলিশি হামলায় তাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে রিজভী ও নাদিমও রয়েছেন। বিএনপিকর্মীদের ছোড়া ইটে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৫০ ঘ.