ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের আচরণ না বদলালে নতুন বছরে আন্দোলন জোরদার করা হবে।
শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর তিনি এ কথা বলেন।
সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল।
তিনি বলেন, "ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি করতে হবে। এজন্য ছাত্র সংসদ নির্বাচন চাই।"
মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নতুন ছাত্র নেতৃত্ব গড়ে উঠছে না বলে মন্তব্য করেন তিনি।
১৯৭৯ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিকাল ৩টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনের সড়ক থেকে মহানগর নাট্যমঞ্চ পর্যন্ত স্বাগত তোরণ ও সড়কের আইল্যাণ্ডে উৎসব পতাকা দিয়ে সাজানো হয়েছে।
এর আগে দিনের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টায় মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১২৫৪ ঘ.
bdnews24