সিলেট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে এ ঘটনার পরপরই উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিছিল ও পথসভা করে ইউএনও'র অপসারণ দাবি করেন।
প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুরে মাসিক সমন্বয় সভা চলাকালে কানাইঘাট পৌর আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সভাকক্ষে ঢুকে ইউএনও'র অপসারণ দাবি করেন।
এ সময় তারা সভায় উপস্থিত সবাইকে প্রায় একঘণ্টা অবরুদ্ধ রাখেন।
পরে তারা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন প্রমুখ।
সমাবেশে তারা বলেন, ইউএনও মতিউল ইসলাম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী কানাইঘাট বড় হাওর জলমহাল লিজ, লোভাছড়া পাথর কোয়ারির খাস কালেকশন ও ইউনিসেফের নৈশ্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িত।
কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বড় হাওর জলমহাল লিজ দেওয়ার ক্ষমতা উপজেলা প্রশাসনের নেই। এ ক্ষমতা সম্পূর্ণ জেলা মৎস্য কমিটির।
ইউএনও মতিউল ইসলাম বলেন, পুরো বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ঘটনার পরপরই উপজেলা প্রশাসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.
bdnews24