ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অবস্থা বাংলা চলচ্চিত্র 'হীরক রাজার দেশে' এর মতো 'আতঙ্কজনক' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার এক আলোচনা সভায় এই মন্তব্য করে দেশের মানুষকে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেলোয়ার।
দেলোয়ার বাংলা চলচ্চিত্র হীরক রাজার দেশে এর বর্ণনা দিয়ে বলেন, "অবস্থাটা এখন সেরকমই মনে হচ্ছে। এখন আমাদের সেই ছবির শেষ দৃশ্যের মতো প্রস্তুতি নিতে হবে। ছবির শেষ দৃশ্যে ছিলো- দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, "নইলে জাতির দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হব।"
স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার পাবনা জেলা প্রশাসনের ওপর সরকারি দলের হামলার কথা উল্লেখ করে বলেন, "আজ জনপ্রশাসনের সময় এসেছে এটির প্রতিবাদ জানানো। সরকারি দলের এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। এজন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিএনপি আগামীতে সরকারে এলে তা বাতিল করে তাদের যথাযথ সম্মান দেয়া হবে।"
খালেদা জিয়ার দ্বিতীয় কারামুক্তি দিবস পালন উপলক্ষে বিএনপির উদ্যোগে 'ষড়যন্ত্রের শৃঙ্খলে তিনি আজ জনতার মাঝে' শীর্ষক এই আলোচনা সভা হয়।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে যৌথবাহিনী ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া বিশেষ কারাগার থেকে মুক্ত হন।
১১ সেপ্টেম্বর তার কারামুক্তি দিবস হলেও ঈদুল ফিতরের কারণে দিবসটি দেরিতে উদযাপন করছে বিএনপি।
দলের সহসভাপতি টিএইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫১ ঘ.
bdnews24