ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগকর্মী ইব্রাহীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মাজহারুল ইসলাম মিঠুকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার তাকে জিজ্ঞাসাবেদর জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খন্দকার আব্দুল হালিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন মিঠুকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
মিঠুকে নিয়ে ইব্রাহীম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিন।
পুলিশ জানিয়েছে, মিঠু সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের সহকারী হিসেবে কাজ করতেন।
তদন্ত কর্মকর্তা হালিম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিঠুর যোগাড় করা একটি মাইক্রোবাসে করেই ইব্রাহীমকে হাসপাতালে নেওয়া হয়েছিলো। আমরা সন্দেহ করছি, হত্যাকাণ্ডে তারও সম্পৃক্ততা আছে।"
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও যুবলীগ নেতা নূরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ঢাকায় ইব্রাহীম আহমেদের মৃত্যু হয়।
এতে শাওনের জড়িত থাকার অভিযোগ এলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বারবার বলে আসছেন, ওই ঘটনায় শাওনের কোনো সম্পৃক্ততা নেই।
ইব্রাহীম হত্যামামলা তদন্ত নিয়ে গোয়েন্দা পুলিশের সমালোচনা ওঠার পর গত শনিবার মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা।
এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
গোয়েন্দা পুলিশ তদন্ত কালে ২৯ আগস্ট কালা এবং শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদকে গ্রেপ্তার করে।
এরপর গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/২০১১ ঘ.
bdnews24