ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে শুক্রবার।
দলটির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের বিষয় নিয়ে শুক্রবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করা হবে।
গুলশানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে তার সভাপতিত্বে রাত ৮টা ৪৫ মিনিটে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়।
মঙ্গলবার স্থায়ী কমিটির আড়াই ঘণ্টা বৈঠকের পর তা মূলতবি করা হয়।
একাধিক স্থায়ী কমিটির সদস্য জানান, বৈঠকে চাঁদপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১১ ঘ.
bdnews24