রংপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর কবীরকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান প্রামানিক লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে শুনানির সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করলেও মজিবর দম্ভোক্তি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাটাকে লাঞ্ছিত করিনি, তবে রোববার লাঞ্ছিত করবো। আওয়ামী লীগ ক্ষমতায় আর আমাদের কথা ব্যাটা শুনবে না, ওর এত বড় ক্ষমতা।"
গঙ্গাচড়া উপজেলার নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরাজি নিয়ামত ভোট কেন্দ্রে স্বাধীনতার পর থেকেই এলাকার নারী ও পুরুষ ভোটাররা সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে ভোট দিয়ে আসছিলো।
কিন্তু গত উপজেলা নির্বাচনে নারী ভোটারদের ওই কেন্দ্র থেকে সরিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে গঙ্গাচড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে স্থানান্তর করা হয়। একইভাবে আরাজি নিয়ামত ভোট কেন্দ্রের নারী ভোটারদের মৌলভীবাজার আলিম মাদ্রাসা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কিছুদিন আগে স্থানীয় দুই ইউপি সদস্য রাসেল আহাম্মেদ ও মাহফুজার রহমান নারী ভোটারদের ভোট আগের কেন্দ্রে বহাল রাখার জন্য উপ-নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়ে শুনানির দিন নির্ধারণ হয়। ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় শুনানি গ্রহণ শুরু করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফল কবীর তার সঙ্গে ছিলেন।
শুনানি শুরুর আগে নবনীদাস এবং আরাজি নিয়ামত এলাকার কয়েকশ' নারী-পুরুষ আগের স্থানে ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করে উপ-নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুনানি শুরুর পর পৌনে ৪টার দিকে উপজেলা চেয়ারম্যান মজিবর সেখানে আসেন। আগের জায়গায় কেন্দ্র বহাল করা যাবে না হুমকি দিয়ে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফল কবীরের দিকে তেড়ে যান, লাঞ্ছিত করেন তাকে। একপর্যায়ে সেখানে থাকা এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানের এ ধরনের কাজের প্রতিবাদ জানালে তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে যান।
পরে এ বিষয়ে মজিবরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাটা ঘুষ খেয়ে ভোট কেন্দ্র পরিবর্তন করতে চাইছিলো। আমি ব্যাটাকে গালাগালি করেছি। এটা আবার লাঞ্ছিত করা হলো নাকি?"
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, "এটা কোনো সংবাদ হলো নাকি? এ ঘটনার কোনো খবর প্রকাশ করলে আপনাকেও (প্রতিবেদক) দেখে নেবো।"
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।"
শুনানিতে পর নবনীদাস কেন্দ্রে নারীদের তাদের পুরনো কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। তবে আরাজি নিয়ামত এলাকার নারী ভোটারদের কেন্দ্র পুনরায় পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।
ঘটনার পর থেকে লুৎফল কবীর মোবাইল ফোন বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/২১৪৫ ঘ.
bdnews24