২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় হলো পরাজিত প্রার্থীর

চাঁদপুরের ফরিদগঞ্জের একটি ইউনিয়নের এক কেন্দ্রে সাড়ে সাত বছর পর পুনর্নির্বাচনে জয় হয়েছে আগের নির্বাচনে পরাজিত প্রার্থীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জের একটি ইউনিয়নের এক কেন্দ্রে সাড়ে সাত বছর পর পুনর্নির্বাচনে জয় হয়েছে আগের নির্বাচনে পরাজিত প্রার্থীর। আদালতের আদেশে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চরবড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ হাজার ৬২০ জন। ২০০৩ সালের ৬ ফেব্র"য়ারি অনুষ্ঠিত নির্বাচনের সময় সংঘর্ষের ঘটনায় মামলা হলে আদালত শুধু ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের আদেশ দেয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল লতিফ পণ্ডিত (গরুর গাড়ি), আজিজুর রহমান (মাইক) ও মিজানুর রহমান (আনারস) অংশ নেন। আগের নির্বাচনে আজিজুরকে বিজয়ী ঘোষণা হলে মামলা করেন লতিফ পণ্ডিত। উত্তর চরবড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি আটটি কেন্দ্রে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক আজিজুর ৪৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও বৃহস্পতিবার ভোটের পর এই কেন্দ্রের ফলাফলে তাকে ছাড়িয়ে যান আওয়ামী লীগ সমর্থক লতিফ পণ্ডিত। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করলে দেখা যায় লতিফ পণ্ডিত পেয়েছেন ১ হাজার ৩২২ ভোট। অন্যদিকে আজিজুর পেয়েছেন মাত্র ৩৮ ভোট। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. সহিদ উল্যা মিয়া। এই ইউনিয়নে আগের ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আজিজুর। তবে মামলার পর আদালতের নির্দেশে ২০০৬ সাল থেকে তিনি দায়িত্ব ছাড়েন। এদিকে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে আগামী বছরের শুরুতেই নির্বাচনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই ইউপিতেও তখন আবার নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.