ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের বার্ষিক অডিট রিপোর্ট জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।
মঙ্গলবার দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রধান নির্বাচন কমিশনার বরাবর দলের গত বছরের এ আয়-ব্যয়ের এ প্রতিবেদন জমা দেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "বর্ধিত সময় শেষ হওয়ার আগে আওয়ামী লীগ অডিট রিপোর্ট জমা দেওয়ায় আমরা খুবই আনন্দিত। দলগুলো নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছে, যা রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।"
এর আগে আওয়ামী লীগ প্রতিনধি দল ইসির যুগ্মসচিব নুরুল ইসলাম খানের কাছে প্রতিবেদনের কপি জমা দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৃণাল কান্তি দাস বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৯ পঞ্জিকা বছরের আর্থিক লেনদেন বিবরণ রেজিস্টার্ড চাটার্ড একাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করেই ইসিতে জমা দিয়েছি।"
দলের আয়-ব্যয়ের পরিমাণ জানাতে অস্বীকৃতি জানালেও খাতগুলো উল্লেখ করেন তিনি।
"ইসি এ হিসাব পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করবে। এ অবস্থায় ইসির সম্মতি ছাড়া আয়-ব্যয়ের পরিমাণ জানাতে পারছি না। প্রয়োজন হলে দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে জানাতে পারেন", বলেন দলের উপ দপ্তর সম্পাদক।
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
পরে কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ইসি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়।
এ পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতসহ ২২টি নিবন্ধিত রাজনৈতিক দল গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৮টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯০৮ ঘ.
bdnews24