২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা জট কমাতে আইনের ধারা সংশোধন হবে: মন্ত্রী

আদালতে মামলা জট কমাতে দেওয়ানি ও ফৌজদারি আইনের ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে মামলা জট কমাতে দেওয়ানি ও ফৌজদারি আইনের ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের শততম মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "বিচারপ্রার্থী জনগণ যেন ভোগান্তি ও দুর্ভোগের শিকার না হন, সেজন্য দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দিকে বিচারকদের লক্ষ্য রাখতে হবে।" বিচার প্রক্রিয়ার স্তরগুলোকেও সহজ করা হবে বলে জানান তিনি। শফিক বলেন, "দেশের সনাতন বিচার ব্যবস্থার কারণে সামাজিক অন্যায়-অবিচারের দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। এ জন্য সনাতন বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে।" বিচার বিভাগে সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, "জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিচারকের স্বাধীনতার ওপরই গণতন্ত্রের ভবিষ্যত নির্ভর করে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও সুপ্রতিষ্ঠিত করতে বিচারকদের আরো ভূমিকা পালন করতে হবে।" ২৫ দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ কোর্সে ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সহকারী জজ ও বিচার বিভাগীয় হাকিম। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি যাকে যোগ্য এবং উপযুক্ত মনে করবেন, তাকে নিয়োগ দেবেন।" চলতি মাসের শেষ দিকে বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.