২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগ-যুবলীগের ৩২ জনের বিরুদ্ধে মামলা

পাবনায় জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল ও ভাংচুরের ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় জেলা যুবলীগ ও ছাত্রলীগের ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দু'টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 05:15 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

পাবনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল ও ভাংচুরের ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় জেলা যুবলীগ ও ছাত্রলীগের ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দু'টি মামলা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মইনুল হোসেন বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। সদর থানার ওসি মতিয়ার রহমান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, বর্তমান সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগ নেতা সাজ্জাদ সজল, ছাত্রলীগ এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক এম সজিবের নাম এজাহারে রয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী পদের জন্য ২০০৪ সালে দরখাস্ত আহ্বান করা হয়। ১৭টি পদে আবেদন করে ১ হাজার ২শ' জন। শুক্রবার পাবনা জেলা স্কুল ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় লিখিত পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ৪০/৫০ জনের একদল যুবক লাঠি সোঠা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা ও প্রশ্নপত্র কেড়ে নেয় এবং শিক্ষক ও পরীক্ষার্থীদের মারধর করে। তাদের হামলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, কয়েকজন শিক্ষক ও পরীক্ষার্থীসহ ১৫ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা বিভাগীয় কমিশনার কার্যালয়ের একটি গাড়ি, জেলা প্রশাসনের তিনটি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর করে। এ ঘটনার পর রাজশাহী বিভাগীয় কমিশনার এক বিশেষ সভা করে অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। জেলা প্রশাসন এই হামলা ও ভাংচুরের জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। এদিকে ছাত্রলীগ ও যুবলীগ বলেছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এবং আগেই লোক ঠিক করায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এএনএস/এইচএ/২৩০০ঘ.