২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দমননীতি বাদ দিয়ে জনকল্যাণে কাজ করুন'

দমননীতি বাদ দিয়ে সরকারকে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দমননীতি বাদ দিয়ে সরকারকে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাসভবনে এক স্মরণসভায় তিনি এ পরামর্শ দেন। সাইফুর রহমান ও তার স্ত্রী দুররে সামাদ রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে সন্ধ্যায় গুলশানে সাইফুর রহমানের বাসভবন জালালাবাদ হাউজে এই স্মরণসভা হয়। সাইফুর রহমান গতবছরের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারা যান। খালেদা জিয়ার সন্ধ্যায় স্মরণসভায় প্রয়াত মন্ত্রীর পুত্র-পুত্রবধু,কন্যাসহ আত্বীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। খালেদা জিয়াকে সাইফুর রহমানের বাসায় স্বাগত জানান তার বড় ছেলে নাসের রহমান। স্মরণসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দীর্ঘদিনের সহকর্মী সাইফুরের স্মৃতিচারণ করে বলেন, "তিনি (সাইফুর রহমান) ছিলেন একজন সফল অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রী। এদেশের সব উন্নয়নে তার অসীম অবদান রয়েছে। বিভিন্ন কাজ-কর্ম আমি তার সঙ্গে আলাপ করে করেছি।" প্রয়াত অর্থমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করে খালেদা জিয়া বলেন, "বাংলাদেশের বিনির্মাণে সাইফুর রহমান অবদানকে অনেক। দেশের অর্থনীতিকে সুস্থ ও স্বাবলম্বী করতে সফল হয়েছিলেন তিনি।" ১৯৯১-১৯৯৫ সাল এবং ২০০১-২০০৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে রাখার ক্ষেত্রে সফল হয়েছেন বলে দাবি করেন খালেদা। দেশের বর্তমান অবস্থা সর্ম্পকে বিরোধীদলীয় নেতা বলেন, "বর্তমান সরকার দেশ পরিচালনায় শুধু ব্যর্থই হয়নি, এদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা। গত ১৯ মাসে তারা দেশের উন্নয়নে কোনো কিছুই করতে পারেনি। বরং দেশের স্বার্থবিরোধী কাজ করে দেশের ক্ষতি করেছে।" "বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা-নির্যাতন বন্ধ করার" আহ্বান জানিয়ে খালেদা বলেন, "নইলে দেশের জনগণ অতীতে আপনাদের যেভাবে প্রত্যাত্থান করেছে, ভবিষ্যতেও করবে।" স্মরণসভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, হাফিজউদ্দিন আহমেদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম মোরশেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মুশফিকুর রহমান প্রমুখ নেতা বক্তব্য দেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন নাসের রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৭ ঘ.