২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর 'পাচার' করা অর্থ ফেরতের আবেদনের শুনানি আবার পেছালো

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 'পাচার' করা অর্থ ফেরতে বাংলাদেশে ব্যাংকের করা আবেদনের শুনানি আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 'পাচার' করা অর্থ ফেরতে বাংলাদেশে ব্যাংকের করা আবেদনের শুনানি আবার পিছিয়েছে। কোকোর পক্ষে করা আবেদনে বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আগামী ১৩ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। ওইদিন মামলাটিতে অভিযোগ গঠনের দিনও ধার্য করা হয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন কোকো। আদালতে কোকোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন মেজবাহ, মহিউদ্দিন আহমেদ প্রমুখ। এ মামলায় কোকোর পাশাপাশি সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনও আসামি। সায়মন পলাতক। আর কোকো বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। গ্রেপ্তার কোকো সরকারের নির্বাহী আদেশে ছাড়া পেলেও তার মুক্তির মেয়াদ আর না বাড়ানোর পক্ষে সরকার অবস্থান নিলেও উচ্চ আদালত তা বাড়িয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ ব্যাংক কোকোর সিঙ্গাপুরে পাচার করা ৬ কোটি ২৪ লক্ষ ৮৯ হাজার ৭৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য গত ১২ জুলাই আবেদন করে। এরপর দুই দফা দিন ঠিক হলেও ওই আবেদনের শুনানি হয়নি। গত ২৯ জুন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পাচার করা অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখেছিলেন। ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো এবং সায়মনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবু সাইদ এ মামলা দায়ের করেন। ওই বছরের ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তা আরাফাত রহমান কোকো ও সায়মনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের ১৭ জুলাই নির্বাহী আদেশে কারাগার থেকে ছাড়া পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬২০ ঘ.