ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন স্বাগত জানালেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম সম্বলিত ভিত্তিফলক ভেঙে ফেলার নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, খালেদার উদ্যোগেই এই সেতু নির্মাণ শুরু হয় এবং চারদলীয় জোট সরকারের সময়েই এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছিলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এই সেতু উদ্বোধনের পর তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু একই দিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "বিএনপি সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় কর্ণফুলী সেতুটি দ্রুত অর্থায়ন ও নির্মাণ কাজ শুরু হয়েছিলো। কুয়েত সরকার থেকে সেতুর অর্থায়নের জন্য খালেদা জিয়া নিজে উদ্যোগ নেন।
"কিন্তু আমরা জানতে পেরেছি, উদ্বোধনের আগের দিন মঙ্গলবার সেতুর ভিত্তিফলকটি ভেঙে ফেলা হয়েছে। এত নিরাপত্তার মধ্যে কারা এ কাজটি করেছে, তা সবাই বুঝতে পারে।"
বনানীর হোটেল সেরিনায় ওই সংবাদ সম্মেলনে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু বলেন, "তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণের পুরো কৃতিত্ব খালেদা জিয়া ও বিএনপির। কুয়েতের আমীরের সঙ্গে খালেদা জিয়া নিজে আলোচনা করে এই সেতুর পুরো অর্থায়ন নিশ্চিত করেন। সেতুর ৮০ ভাগ কাজ বিএনপির আমলেই শেষ হয়।"
"প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই সেতুটির উদ্বোধন করছেন, আমরা তা স্বাগত জানাই। কিন্তু যিনি নিজে উদ্যোগ নিয়ে সেতুটি নির্মাণের প্রয়োজনীয় অর্থায়ন এনেছেন, তার নির্মাণ কাজ শুরু করেছেন; তার ভিত্তিফলকটি ভেঙে ফেলার কী যুক্তি থাকতে পারে", প্রশ্ন রাখেন তিনি।
বিরোধী দলে থাকার সময় আওয়ামী লীগ এই সেতু নির্মাণের বিরোধিতা করেছিলো দাবি করে আমীর খসরু বলেন, "প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেদিন সেতুটির ভিত্তিফলক স্থাপন করতে যান, সেদিন চট্টগ্রামে হরতাল ডেকেছিলো আওয়ামী লীগ। শত বাধার মধ্যেও খালেদা জিয়া দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় কর্ণফুলী সেতুটি নির্মাণের উদ্যোগ থেকে সরে আসেননি।"
চট্টগ্রামের উন্নয়নে বিএনপি অনেক পদক্ষেপ নিয়েছিলো দাবি করে আমীর খসরু বলেন, "চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ব বাণিজ্য সেন্টার, দুটি ইডিজেড স্থাপন, চট্টগ্রাম বন্দর উন্নয়নসহ চট্টগ্রামের সব উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের আমলে। এসব উন্নয়নের ভিত্তিফলক মুছে ফেলে চট্টগ্রামবাসীর আইওয়াশ করা যাবে না।"
এক প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য আমীর খসরু জানান, তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ তিনি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭২৫ ঘ.
bdnews24