২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিবানরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন: সোহেল তাজ

কালো টাকা আর কলুষিত লোকের কারণে নীতিবানরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা আর কলুষিত লোকের কারণে নীতিবানরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। মঙ্গলবার কাপাসিয়ার দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সোহলে তাজ বলেন, "সবাইকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে হবে।" গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সোহেল দীর্ঘ ১৯৮ দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার পর এটাই নিজ নির্বাচনী এলাকায় তার প্রথম জনসংযোগ কর্মসূচি। নিজ নির্বাচনী এলাকার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে এর বাস্তবায়ন শুরু হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা ও ভাইস চেয়ারম্যান রুহুল আমীন সমাবেশে বক্তব্য দেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন গাজীপুর-৪ আসনের এ সাংসদ। এর পাঁচ মাসের মাথায় ৩১ মে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর তানজিম যুক্তরাষ্ট্রে যান এবং কিছুদিন পর দেশে ফিরে আসেন। এরপর দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২০৫০ ঘ.