ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার কোনো সুযোগ নেই বলে দাবি করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার একেএম শহীদুল হক।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নিজের লাইসেন্স করা অস্ত্র নিজের হেফাজতে না রাখায় শাওনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কেন করা যাবে না- এ প্রশ্নে শহীদুল হক বলেন, "এ প্রশ্নের ব্যাখ্যা এমপি শাওন নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, গাড়ি, বাড়ি, অফিস সবই তার। তার অস্ত্রটি তার আবাসস্থলেই ছিলো।"
সরকারি দলের সংসদ সদস্য শাওনের অস্ত্রের গুলিতে তারই পাজেরো গাড়িতে গত ১৩ অগাস্ট রাজধানীতে মারা যান যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ। তার মৃত্যুর পরপর শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। একই ঘটনায় গত ১৮ অগাস্ট শাওনসহ আটজনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা করেন মৃতের ছোটো ভাই মাসুম আহমেদ।
এরপর গত ২ সেপ্টেম্বর পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা দায়েরের পর শাওনের গাড়ির চালক কামাল হোসেন কালা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, অস্ত্রটি শাওনের হলেও তার গুলিতেই ইব্রাহিম মারা যায়।
ডিএমপি কমিশনার এ কথা বললেও গত রোববার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, "দেশের প্রচলিত অস্ত্র আইনে শাওন একজন অপরাধী। কারণ আইন অনুযায়ী একজনের নিবন্ধিত অস্ত্র অন্য কারো কাছে রাখা যায় না। তিনি তা রেখেছেন।"
শাওনের অস্ত্রে একজনের প্রাণ যাওয়ায় ওই অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, "আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্য ইস্যুকারী সংস্থার কাছে লিখিত সুপারিশ করা হবে।"
শাওনকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না- এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম থেকেই নিয়মিত কথা হচ্ছে। প্রয়োজনে তাকে ডেকে এনেও জিজ্ঞাসাবাদ করা হবে।"
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সদর দপ্তরে ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার ঘটনা নিয়ে ওই সংবাদ সম্মেলন ডেকেছিলেন ডিএমপি কমিশনার।
গত ৩০ অগাস্ট কামাল এবং শাওনের ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গত ২ সেপ্টেম্বর শেরে বাংলা নগর থানায় পুলিশ আরেকটি হত্যামামলা করে। মামলার পরদিন কামাল ও সোহেলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
ইব্রাহীমের মৃত্যুর মামলা বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। মামলা প্রসঙ্গে রোববার আইন প্রতিমন্ত্রী বলেন, "শাওনের মামলা তদন্তাধীন। এ মামলা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। মামলাটি প্রভাবিত করার কোনো ইচ্ছা বা মানসিকতাও সরকার বা কোনো সংস্থার নেই।"
গত ১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে ভোলা প্রেসক্লাবে এক টেলি সংবাদ সম্মেলনে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাওন দাবি করেন, যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর মামলা তদন্তে দলীয় প্রভাব খাটানো হচ্ছে না।
সংবাদ সম্মেলনে শাওন আরো বলেন, "আমি চাই তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসুক। যেহেতু আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না, সেহেতু আমি নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত হবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কিউএইচ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24