লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় লক্ষ্মীপুর শহর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামসহ দুইজন আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মো. আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জেলা শহরের আলিয়া মাদ্রাসার কাছে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয়।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা মধ্যরাতে শহরে জঙ্গি মিছিল করলে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন ছোটাছুটি শুরু করে।
গত শনিবার গভীর রাতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছিল।
লক্ষ্মীপুর থানার ওসি মো. ইসমাইল মিয়া বলেন, এ ঘটনায় আশরাফুল ইসলামের বাবা বদরুল আলম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সোমবার থানায় একটি মামলা করেছেন।
শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি মো. শেখ জামাল রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজাামান পাটওয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, এ হামলার ঘটনায় শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর উপজেলা ছাত্রলীগ সদস্য মো. জুয়েল, পৌর ছাত্রলীগ সদস্য সজিব ও বাপ্পীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জাননো হয় বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24