গাইবান্ধা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুটপাট ও ভাংচুরের মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতিসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এরা হলেন- পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি শাহ আলম সরকার ও যুবদল কর্মী শরিফুল ইসলাম।
শনিবার দুপুরে উপজেলা সদরের কালীবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাশবাড়ী মহিলা কলেজ মাঠে উপজেলা যুবদলের সম্মেলন চলছিল। সেখানে হামলার প্রস্তুতি নেওয়ার সময় দুপুর ২টার দিকে কালীবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এই সম্মেলনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শুক্রবার বিকালে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল হক রুবেলের মার্কেটে হামলা ও লুটপাট করা হয়।
এ ঘটনায় ১৪ জনকে আসামি করে শুক্রবার রাতে ফরিদুল হক মামলা করেন। গ্রেপ্তার দু'জন এ মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24