ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- উচ্চতর আদালতের জামিনে লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানকে 'সম্পূর্ন মুক্তাবস্থায়' দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি।
শনিবার এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, "তারেক রহমান আজ আমাদের কাছে কোনো ব্যক্তি নন, রাজনৈতিক প্রতীক। তাকে সম্পূর্ন মুক্তাবস্থায় দেশে ফিরিয়ে আনার শপথ আমাদের নিতে হবে।"
বর্তমান সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সারাদেশে জনমত গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পান। দিবসটি পালনে বিএনপি দুই দিনের কর্মসূচি নেয়। ওই কর্মসূচি অনুযায়ী শুক্রবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।
তারেক রহমান বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
২০০৭ সালে ১/১১ এর জরুরী অবস্থা জারির পর তারেক রহমানকে মার্চ মাসে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা এখন বিচারাধীন। তবে সবগুলো মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।
মির্জা ফখরুল সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কঠোর সমালোচনা করে বলেন, "তারা (আওয়ামী লীগ) গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। হাজার হাজার নেতা-কর্মীকে জেলে অন্তরীণ করে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। সরকার ১৯৭২-৭৫ এর মতো একই কায়দায় দেশ পরিচালনা করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।"
দেশের বর্তমান অবস্থাকে 'দুঃসময়' অভিহিত করে তিনি বলেন, "এই সরকার জনগনের উন্নয়ন ও কল্যাণে কোনো কাজ করছে না। তারা দেশের স্বার্থ বিকিয়ে দিতে একের পর এক চুক্তি করছে। এই দেশকে কিভাবে অকার্যকর ও দুর্বল রাষ্ট্রে পরিণত করা যায় সেটাই এখন তাদের মূল দায়িত্ব।''
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "তারেক রহমানের অগ্রযাত্রা গোড়াতেই বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। কিন্তু এইভাবে জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করা যাবে না।"
স্থায়ী কমিটির অপর সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, "তারেকের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিলো- সাড়ে তিন বছরে তার একটিরও অভিযোগপত্র দিতে পারেনি। সবগুলো অভিযোগই মিথ্যা ও বানোয়াট।"
দলের সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫৬ ঘ.
bdnews24