ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মদিনায় মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন।
খালেদা বৃহস্পতিবার মধ্য রাতে মদিনায় রসুলের রওজা মোবারক জিয়ারত করেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মারুফ জানান, বিএনপি চেয়ারপারসন শুক্রবার সন্ধ্যায়ই (সৌদি আরব সময়) মক্কায় ফিরে ওমরাহ পালন করবেন।
তিনি বলেন, "বিরোধীদলীয় নেতা মহানবীর (স.) রওজায় বেশ কিছু সময় কাটান এবং দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে দোয়া করেন।"
খালেদা তিন দিন মদিনায় ছিলেন। তিনি মসজিদে নববীতে ইফতার ও তারাবিহ নামাজ আদায় করেন।
খালেদা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের বিমানে সোমবার ঢাকা থেকে জেদ্দা পৌঁছান। সেখান থেকে ওই দিনই মদিনায় যান তিনি।
ওমরাহ পালনের উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসনের এই সৌদি আরব সফর। খালেদার সফরসঙ্গী রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহউদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমূল বিশ্বাস ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ।
মারুফ জানান, ওমরাহ পালন শেষে খালেদা জিয়া আগামী ৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24