২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রফিকুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জামায়াতে ইসলামি ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলামকে কারাফটকে দুইদিন জিজ্ঞাসাবাদে পুলিশকে অনুমিত দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামি ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলামকে কারাফটকে দুইদিন জিজ্ঞাসাবাদে পুলিশকে অনুমিত দিয়েছে আদালত। নিউমার্কেট থানায় দায়ের হত্যা চেষ্টা ও গাড়ি পোড়ানো মামলায় বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ইসমাইল হোসেন। রফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পাঁচদিন তাকে নিজেদের হেফাজতে চান। শুনানি শেষে বিচারক দুইদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। একই মামলায় তাকে দুইদিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ সময় রফিকুলের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়। বিচারক দুই আবেদনই নাকচ করেন। এর আগে ফারুক হোসেন হত্যা মামলায় গত ২৬ অগাস্ট রফিকুল ইসলামকে তিনদিন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২৫ অগাস্ট মিরপুর ১০ নম্বরের একটি বাসা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। নিউমাকের্ট থানার এ মামলাটিতে রোববার বিএনপি নেতা মির্জ্জা আব্বাসকে জামিন দেন একই বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৮৪১ ঘ.