ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে কে আগে ফুল দেবে এ নিয়ে দলের কর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দাবি করেন যে, জিয়ার প্রতিষ্ঠিত দল বর্তমানে খালেদা জিয়ার নেতৃত্বে বজ্রকঠিনভাবে ঐক্যবদ্ধ আছে। নানা বাধা-প্রতিবন্ধকতার মধ্যে এই দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
চন্দ্রিমা উদ্যানে সকাল ১০টা ৫০ মিনিটের পরপরই এই হাতাহাতি হয়। ওই সময় দলের মহাসচিব জিয়ার কবরে ফুল দিতে যাওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিলেন।
দেলোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগের মহাজোট সরকার গণতান্ত্রিক লেবাসে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, "তবে এতে কোনো লাভ হবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের ওইসব নীল নকশার পরিকল্পনা ব্যর্থ করে দেবে।
"বিএনপির অঙ্গীকার হচ্ছে- দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করে জনগনের জন্য কল্যাণমুখী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু রাখা। দলের প্রতিষ্ঠাতার কবরে এসে আমরা আজ সেই অঙ্গীকার পালন করার শপথ নিয়েছি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিকেএস/টিএ/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24