২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় তিন দিন থাকছেন খালেদা

মসজিদে নববীতে ইবাদত করছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 05:48 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসজিদে নববীতে ইবাদত করছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি প্রতিদিন সেখানে গিয়ে ইফতার করছেন ও তারাবীহ নামাজ আদায় করছেন। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে ইবাদত করবেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা মসজিদে নববীতে ইবাদত করছেন। দেশের মানুষের জন্য দোয়া করছেন। তিন দিন তিনি মদিনায় অবস্থান করে মসজিদে নববীতে ইফতার ও তারাবীহ নামাজ আদায় করবেন।" মারুফ কামাল জানান, খালেদা জিয়া হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করার পর মক্কা রওনা হবেন। তিনি ৩ সেপ্টেম্বর ওমরাহ পালনে মক্কা যাবেন। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে জেদ্দা থেকে বিমানে মদিনায় পৌঁছান তিনি। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব জানান, মদিনায় বিরোধী দলীয় নেতা একটি পাঁচতারা হোটেলে অবস্থান করছেন। সেখান থেকে ইফতারের আগে তিনি মসজিদে নববীতে যান। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে দুই ঘন্টা অবস্থানের পর বিমানে মদিনায় আসেন। সোমবার বিকাল ৪ টায় তিনি সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে জেদ্দা রওয়ানা হন। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ। মারুফ কামাল জানান, আগামী ৯ সেপ্টেম্বর বেগম জিয়া দেশে ফিরে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১৪৪ ঘ.