চাঁদপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
সোমবার চাঁদপুরের কচুয়া থানায় মামলাটি করেন কচুয়া পৌরসভার কোয়া গ্রামের ইদ্রিস আলম বেপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুন।
মামলায় মিলন ছাড়া বিএনপির আরো ২১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এনিয়ে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা হল।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম ভূঁইয়া মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালের ৬ জানুয়ারি সাবেক প্রতিমন্ত্রী মিলনের নেতৃত্বে একদল অস্ত্রধারী বাদীর ঘরে ঢুকে চাঁদা দাবি করে ও ভয় দেখায়। তারা বাদীর বাড়ি থেকে তিন লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মিলনকে হেয় করতে এই মামলা দেওয়া হয়েছে। চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে করা ১৭টি মামলার মধ্যে ১৪টিতে তিনি জামিন পেয়েছেন।
মিলন এখন কুমিল্লা কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.
bdnews24