ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদের মৃত্যুর ঘটনায় সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত সচিব (পিএস) ও গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ ও গাড়িচালক কামাল হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
১৩ অগাস্ট শাওনের আগ্নেয়াস্ত্রের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদের মৃত্যু হয়। সেদিনই শেরেবাংলা নগর থানায় একটি টাইপ করা এজাহার নিয়ে অপমৃত্যুর মামলা করেন কামাল হোসেন কালা।
শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে আদালতে ১৮ অগাস্ট একটি হত্যা মামলা করেন ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ শাওন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী কোনো অদেশ না দিয়ে তার আগে গাড়িচালক কালার করা অপমৃত্যু মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার আদেশ দেন।
রোববার বিকালে ডিবি কার্যালয়ে ডেকে এনে কামাল ও সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে সন্ধ্যায় জানান ডিবির উপ-পুলিশ কমিশনার মাহবুবুর।
মাহবুবুর বলেন, "সংসদ সদস্য শাওনের গাড়িচালক কামাল হোসেন কালা ও ব্যক্তিগত সচিব সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতার কারণে আপাতত তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের সোমবার আদালতে পাঠিয়ে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।"
তিনি জানান, ইব্রাহিমের ভাইয়ের করা মামলাটি আদালত হত্যা মামলা হিসাবে তদন্ত করার আদেশ দিলে গ্রেপ্তারকৃতদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে শের-এ-বালা নগর থানা পুলিশ রোববার সন্ধ্যার কিছু আগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি অবহিতকরণ পত্র দিয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
আদালতের পেশকার মো. দুলাল সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালামের করা অপমৃত্যু মামলাটির প্রতিবেদন দাখিল করার জন্য আদালত শের-এ-বাংলা নগর থানার ওসিকে আদেশ দেয়। কিন্তু মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। এই মর্মে একটি অবহিতকরণ পত্র থানা থেকে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাহবুবুর রহমান জানান, ডিবি পুলিশ অপমৃত্যু মামলাটির প্রতিবেদন সোমবার আদালতে দাখিল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২০৪৮ ঘ.
bdnews24